দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি ও সম্ভাব্য আলোচনা কীভাবে জনগণের সামনে তুলে ধরা হবে, তা নিয়ে ইরানের সরকার ও রাষ্ট্রীয় টেলিভিশনের মধ্যে প্রকাশ্য বিরোধ দেখা দিয়েছে। এমন সময় এই বিরোধ সামনে এলো, যখন মধ্যস্থতাকারীরা দুই দেশকে কূটনৈতিক আলোচনার পথে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
শুক্রবার এক বিবৃতিতে ইরানের সরকারি তথ্য পরিষদ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে। তাদের দাবি, চলতি সপ্তাহে প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের দেওয়া এক বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশ সম্প্রচার করা হয়নি।
এর জবাবে শনিবার আইআরআইবি সরকারের অভিযোগ প্রত্যাখ্যান করে। সম্প্রচারমাধ্যমটি জানায়, দেশের নেতৃত্বের বিভিন্ন স্তরের মধ্যে বিভক্তির ‘ভুল ও অবাস্তব ধারণা’ সৃষ্টি হতে পারে—এমন কোনো বিষয় প্রচার না করা তাদের দায়িত্ব।
ওই বক্তব্যে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, গত বছরের ১২ দিনের ইসরায়েল-ইরান যুদ্ধের পর তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হবে না বলে জানিয়েছিলেন। তবে ব্যক্তিগতভাবে তিনি আলোচনার অনুমোদন দিয়েছিলেন।
পেজেশকিয়ানের ভাষ্য অনুযায়ী, ‘আমরা সম্মানিত নেতার কাছে গিয়ে পরিস্থিতি ব্যাখ্যা করি এবং জানতে চাই কী করা উচিত। কারণ তিনি বলেছিলেন, “যুদ্ধও নয়, শান্তিও নয়” এমন পরিস্থিতি দেশের জন্য ভালো নয়। এরপর তিনি আমাদের আলোচনায় যেতে নির্দেশ দেন। তার নির্দেশেই আমরা আলোচনা শুরু করি।’
সরকারের দাবি, প্রেসিডেন্টের বক্তব্যের ওই অংশ বাদ দেওয়া সাম্প্রতিক সময়ে সরকার, পার্লামেন্ট ও বিচার বিভাগের প্রধানদের মন্তব্য নিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনের নেওয়া ‘অস্বাভাবিক পদক্ষেপগুলোর’ ধারাবাহিকতা।
সূত্র: আল-জাজিরা
/অ